জেব্রার সাজে গাধা

 
কথায় আছে, গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না। গাধাকে যতই পেটানো হোক না কেন গাধা গাধাই থেকে যায়, গাধা কখনো ঘোড়া হয় না। গাধাকে ঘোড়া বানানো না গেলেও গাধাকে যে অনায়াসে জেব্রা বানানো যায় সেটি প্রমাণ করেছে মিসরের কায়রোর একটি চিড়িয়াখানা।
 
প্রতিদিনই হাজারো দর্শনার্থীর ভিড় হয় কায়রোর ইন্টারন্যাশনাল গার্ডেন মিউনিসিপাল পার্ক নামের ঐ চিড়িয়াখানাটিতে। এদিন পাশাপাশি দুটি জেব্রাকে দেখে অনেকেই বাড়ি ফিরেছেন। কিন্তু একজন দর্শনার্থীর চোখে ধরা পড়ে আসল ঘটনাটি। দুটি জেব্রাই নকল জেব্রা, সেগুলো আসলে গাধা। ঐ ব্যক্তি ভালো করে পর্যবেক্ষণ করে নিশ্চিত হন, গাধা দুটির গায়ে সাদা আর কালো রঙ করে জেব্রা সাজানো হয়েছে।
 
মাহমুদ সারহান নামের ঐ ব্যক্তির তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে তা নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে গাধাকে রঙ করে জেব্রা বানানোর অভিযোগ তারা রীতিমতো অস্বীকার করেছে।-ইউপিআই।
 
ইত্তেফাক/মোস্তাফিজ