ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে ভালো করতে না পারলেও ওয়ানডেতে তামিম চিরচেনা ফর্মে ফিরেছেন।
শনিবার শেষ ওয়ানডেতেও তামিম ১০৩ রান করেছেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে এরই মধ্যে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন তামিম।
তিন ম্যাচ সিরিজে তামিম মোট ২৮৭ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে এতো বেশি রান করেননি কোনো ক্রিকেটার। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ড্যারেন লেম্যান ৩ ম্যাচে করেছিলেন ২০৫ রান। মোহাম্মদ হাফিজ ২০১৭ সালে ৩ ম্যাচে করেন ২০১ রান।
দেশের বাইরে দ্বিপাক্ষিক ৩ ম্যাচ সিরিজে তামিমের রান এখন সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯০ রানের রেকর্ডটি সাকিবের দখলে। এ ছাড়া দেশ ও দেশের বাইরে মিলিয়ে তামিমের রানই দ্বিতীয় সর্বোচ্চ। দেশে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে ৩১২ রান করেছিলেন। এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে করলেন ২৮৭ রান।
প্রথম ওয়ানডেতে ১৩০ রান করেছিলেন তামিম। দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করে সাজঘরে ফিরেছিলেন। তৃতীয় ম্যাচে ১২৪ বলে ১০৩ রান করেন তামিম। পাশাপাশি বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি ভিন্ন সিরিজে একাধিক সেঞ্চুরি হল তামিমের। পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ঘরের মাঠে দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি।
ইত্তেফাক/ইউবি