রাজধানীর মিরপুরে ১০ তলা থেকে পড়ে আহত শিশু রিমা (৬) মারা গেছে। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ১০ তলা ভবন থেকে পড়ে আহত শিশুটিকে শনিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রবিবার সকালে শিশুটি মারা যায়।
এর আগে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর মিরপুরের শাহআলী থানার চিড়িয়াখানা রোর্ডের একটি ভবনের ১০ তলা থেকে পড়ে যায় রিমা।
রিমার দিনমজুর বাবা মো. রিপন বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী শ্রমিকের কাজ করি। শনিবার মেয়েকে নিয়ে চিড়িয়াখানা রোডের একটি ভবনের ১০ তলায় আমরা কাজ করছিলাম। এ সময় মেয়েটি পাশে খেলা করছিল। হঠাৎ মেয়েটি নিচে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, পরে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং সর্বশেষ রাত সাড়ে ৭টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়।
ইত্তেফাক/ইউবি