উল্লাপাড়ায় একটি স্কুলে রবিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম জানান, তার স্কুলে রবিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় স্কুলের সব কক্ষ তালাবদ্ধ ছিল। নৈশ প্রহরীও তার দায়িত্ব শেষে বাড়ি চলে যায়। পার্শ্ববর্তী লোকজন দ্রুত উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে অফিসের অধিকাংশ মূল্যবান কাগজপত্র, ৪টি কম্পিউটার, প্রিন্টার, সিপিইউ, হারমনিয়াম, ডুগি তবলা, প্রায় আড়াই লাখ খাতা এবং স্কুল অফিসের আসবাবপত্র পুড়ে যায়। ঘটনার সময় স্কুলে কেউ না থাকায় অফিসের মূল্যবান কাগজপত্র সরানো সম্ভব হয়নি। স্কুলের ক্লাস দুদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি