ক্যাম্বোডিয়ায় প্রধান নির্বাচন দলের অংশগ্রহণ ছাড়াই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন(ইইউ) সহ অনেক দেশ এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। খবর বিবিসি’র।
খবরে বলা হয়, ক্যাম্বোডিয়ায় ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হুন সেনের ক্যাম্বোডিয়ান পিপল’স পার্টির একমাত্র শক্ত প্রতিদ্বন্দ্বী ক্যাম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির অংশগ্রহণ ছাড়াই দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে অনেকেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
১৯৮৫ সাল থেকে টানা ক্যাম্বোডিয়া শাসন করে আসছেন হুন সেন। তার বিরুদ্ধে তেমন কোন শক্ত প্রতিদ্বন্দ্বীকে লড়তে দেখা যায়নি সচরাচর। গত নির্বাচনে অল্প ব্যবধানে হেরে যায় ক্যাম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টি। এরপর দলটি ভেঙ্গে দেওয়া হয়। বিশ্লেষক ও জনগণ নির্বাচনটিকে সাজানো বলে দাবি করছেন।
এদিকে, ক্যাম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টি অংশগ্রহণ না করতে পারলেও, ক্ষমতাসীন দলের দাবি ১৯টি বিরোধীদল নির্বাচনে লড়ছে।
শুক্রবার ক্যাম্বোডিয়ার সরকার দেশজুড়ে ইন্টারনেট সেবা প্রদানকারীদের বেশকিছু স্বাধীন সংবাদ-ভিত্তিক ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। সাইটগুলোর মধ্যে রয়েছে, রেডিও ফ্রি এশিয়া, ভয়েস অফ আমেরিকা ও ভয়েস অফ ডেমোক্রেসি।
ওয়েবসাইটের পাশাপাশি বেশকিছু ইংরেজি দৈনিকও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া, একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টিকে উল্লেখ করে দেওয়া একটি পোষ্ট সরিয়ে ফেলা হয়েছে।
ইত্তেফাক/ জেআর