লক্ষ্মীপুরে নকল সিনেমা, অশ্লীল ভিডিও ও সঙ্গীত কপিরাইট করে বাণিজ্য করার অভিযোগে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ২৫ টেলিকম ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জেলা শহরের পৌর সুপার মার্কেট, নিউ মার্কেট ও মজুচৌধুরীর হাট এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৮টি কম্পিউটার ও সাতটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। শনিবার রাতে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলেন- জাহিদ হোসেন, ইসমাইল হোসেন সোহাগ, জহির আলম ভূঁইয়া, বেলাল, ইব্রাহিম মাহিম, আশরাফুল ইসলাম, রিয়াজ হোসেন, মামুন হোসেন, সিরাজ ও রথিন সুরসহ ২৫ ব্যবসায়ী। তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা সংবাদ সম্মেলনে বলেন, টেলিকম ও মোবাইল মেরামত ব্যবসার আড়ালে অশ্লীল ভিডিও ডাউনলোড এবং তা কপিরাইটের মাধ্যমে বাণিজ্য করে আসছিল কিছু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর পৌর মার্কেট, নিউ মার্কেট ও মজুচৌধুরীর হাট এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ২৫ ব্যবসায়ীকে আটক এবং ১৮টি কম্পিউটার ও সাতটি ল্যাপটপ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও কপিরাইট আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি