১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য লিয়াকত আলী (৭০) মারা গেছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। লিয়াকত আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
আজ রবিবার সকাল ১১ টার দিকে বাগোয়ান কবরস্থান সংলগ্ন ঈদগাহে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করে। মুজিবনগরের ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা মেজবাহ উদ্দিন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিউগলের করূণ সুর বেজে উঠে। অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান, জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয়রা শ্রদ্ধাঞ্জলি অপর্ন করে জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন।
২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অব অনার প্রদানকারীদের বিশেষ সম্মানে ভুষিত করেছিলেন। তার মধ্যে লিয়াকত আলীও ছিলেন।
লিয়াকত আলীর মেয়ে বাগোয়ন ইউনয়নের ১,২ও ৩ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত) মহিলা সদস্য নারগিস খাতুন জানান, বেশ কয়েক বছর ধরে তার বাবা কয়েকটি রোগে ভূগছিলেন। কয়েক মাস আগে ভারত থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেন তিনি। এরপর থেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবশেষে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলা আম্রকাননে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ শেষে ওই স্থানের নামকরণ করা হয় মুজিবনগর। পরে জাতীয় পতাকা উত্তোলন ও নবগঠিত আনসার বাহিনীর স্থানীয় ১২ জনের একটি দল গার্ড অব অনার প্রদান করে ওই সরকারকে। সে দিনের সেই ইতিহাসের সাক্ষী হিসেবে যে ১২ জন গার্ড অব অনার প্রদান করেছিলেন তারা হলেন- মুজিবনগর উপজেলা ভবের পাড়া গ্রামে ফকির মহাম্মদ, নজরুল ইসলাম, সিরাজুল হক, মফিজ উদ্দিন, আজিম উদ্দিন, লিয়াকত আলী, অস্থির মল্লিক, আরজ উল্লাহ, কিসমত আলী, সোনাপুর গ্রামের সাহেব আলী, হামিদুল ইসলাম ও সদর উপজেলার হাসানাবাদ গ্রামের ইয়াদ আলী।
লিয়াকত আলীকে দিয়ে ১২ জনের মধ্যে ৯ জন আনছার সদস্য মারা গেলেন। যে তিনজন জীবিত আছেন তারা হলেন- সিরাজুল হক, আজিম উদ্দিন ও হামিদুল ইসলাম।
ইত্তেফাক/কেকে