চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের রাঘবপুর গ্রামের মৃত জাহের উদ্দিন মণ্ডলের ছেলে মো. নজরুল ওরফে নজু মেকার (৫০), রাঘবপুর দক্ষিণপাড়ার মো. ফজলুর রহমানের ছেলে মো. আবু বক্কর ওরফে বাক্কার (৩৮) ও মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী (রানীবাড়ি সাহেবগ্রাম)’র মো. গোলাম রব্বানীর ছেলে মো. সেলিম রেজা ওরফে হযরত আলী (২৭)।
এ সময় তাদের কাছ থেকে ৫টি জিহাদি বই, ৩ সেট জিহাদি ক্রোড়পত্র, ইয়ানতের টাকা আদায়ের রশিদ বই একটি, ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয় বলেও জানানো হয়।
র্যাব-৫, রাজশাহী রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার দিবাগত রাত ১১টা ৫০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ঘিওন গ্রামস্থ শিবগঞ্জের দিয়াড় এলাকার লোকজনের কৃষিকাজে ব্যবহৃত পরিত্যক্ত বাঁশের বেড়াযুক্ত দোচালা টিনের ঘরের মধ্যে অভিযান চালায়। সেখানে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য মো. নজরুল ওরফে নজু মেকার, মো. আবু বক্কর ওরফে বাক্কার ও মো. সেলিম রেজা ওরফে হযরত আলীকে ৫টি জিহাদি বই, ৩ সেট জিহাদী ক্রোড়পত্র, ইয়ানতের টাকা আদায়ের রশিদ বই ১ টি, ৩টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/কেকে