চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি খান দিঘী এলাকা থেকে রবিবার সকালে পুলিশ চট্টগ্রাম অভিমূখী একটি প্রাইভেট গাড়িতে অভিযান চালিয়ে ৮২ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। আটককৃত ব্যক্তির নাম আবদুল কাদের মাতুব্বর (৬৫)। তিনি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সাড়ে সাতরশি গ্রামের আবদুল খালেক মাতুব্বরের ছেলে।
এ ব্যাপারে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান মোল্লা প্রেস ব্রিফিং-এ জানান, লোহাগাড়া থানার পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ ওই স্থানের পুলিশ চেক পোস্টে গাড়ি তল্লাশি করে। এ সময় একটি গাড়ি থেকে নেমে দুইজন লোক পালিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। পুলিশ ধাওয়া করে আবদুল কাদের মাতুব্বরকে গ্রেফতার করে এবং গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। গাড়ির চালক পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি চালিয়ে ৮২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এটি লোহাগাড়া থানায় বড় ধরনের ইয়াবা চালানের আটক বলে অতিরিক্তি পুলিশ সুপার জানান।
IMG0
গ্রেফতারকৃত আবদুল কাদের মাতুব্বর জানান, তিনি ইয়াবা ট্যাবলেট চালানের সঙ্গে জড়িত নন। গাড়িতে কীভাবে ইয়াবা ট্যাবলেট আসল তিনি জানেন না। গাড়ির চালক ভালো বলতে পারবেন।
অপরদিকে, শনিবার রাত ৯টার দিকে উপজেলা সদরের একটি ফিলিং স্টেশন এলাকায় একটি তেলবাহী গাড়িতে অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবাসহ চালককে গ্রেফতার করেছে র্যাব। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৭ (কক্সবাজার) এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান।
আটক ব্যাক্তির নাম মো. ইসমাইল (৩০)। তিনি লোহাগাড়া উপজেলা সদরের রশিদের পাড়ার মৃত আলী হোসেনের ছেলে।
জানা গেছে, মো. ইসমাইল তার তেলবাহী গাড়ি নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিলেন। র্যাব গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে অগ্নিনির্বাপক যন্ত্রের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করে।
এ ব্যাপারে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জলিল জানান, গ্রেফতারকৃত আবদুল কাদেরের বিরুদ্ধে নিজ থানায় মামলা রয়েছে। উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় মামলা রজু করা হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/কেকে