দীঘিনালায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে হত্যা

খাগড়াছড়ি জেলার দীঘিনালার নয়মাইল নামক এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে হত্যা করা হয়েছে। তাকে ধর্ষণের পর খুন করা হয় বলে স্থানীয়দের ধারণা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ওই এলাকার একটি সেগুন বাগান থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
 
জানা যায়, নয়মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী কৃত্যিকা ত্রিপুরা ওরফে পুনাতি (১১) শনিবার দুপুরে টিফিনের সময় বাড়িতে এসে স্কুলে আর ফিরে যায়নি। পাঠ্যবই বিদ্যালয়েই ছিল। তখন মা অনুমতি ত্রিপুরা জুমে ছিলেন। 
 
মা অনুমতি ত্রিপুরা জুম থেকে শনিবার বিকালে বাড়িতে এসে শিশু কন্যাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে বাড়ির পাশের একটি সেগুন বাগান থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। আজ রবিবার সকালে খাগড়াছড়ি হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়।
 
এদিকে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক অবরোধ করে রাখে রবিবার দুপুর পর্যন্ত। পরে ঘটনাস্থলে কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি), জেলা প্রশাসক রাশেদুল ইসলামসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এলাকাসী অবরোধ তুলে নেন।
 
এঘটনার প্রতিবাদে জেলা সদরের প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মিলন চাকমা সম্পাদক, ধনা চন্দ্র সেন ও সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আশপ্রিয় ত্রিপুরা, জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি এমিলি দেওয়ান জানান, আজ সোমবার সকালে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।  
 
ইত্তেফাক/কেকে