পাকুন্দিয়ায় জমির আইল নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মহিউদ্দিন (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রবিবার উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মতিউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। নিহত মহিউদ্দিন কুমরী গ্রামের মৃত শক্কুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহিউদ্দিনের সঙ্গে পার্শ্ববর্তী জমির মালিক মতি মিয়ার জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে মহিউদ্দিন তার জমির আইল বাঁধতে গেলে মতি মিয়ার ছেলে কালাম মিয়া তাতে বাধা দেয়।
এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি থেকে দুইপক্ষের লোকজনের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মহিউদ্দিন ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জমির আইলের সীমানা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।
ইত্তেফাক/কেকে