টেকনাফে দু’পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি জনপদে মাদক ব্যবসায়ী দুটি পক্ষের গোলাগুলিতে নিহত এক মাদক ব্যবসায়ীর লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। অন্যদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরো একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, শনিবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং পশ্চিম কাঞ্জর পাড়ায় মাদক ব্যবসায়ী দুটি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের পুত্র, মাদক ব্যবসায়ী ও সেবী শাহাবুদ্দিনের (৩২) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। সেখান থেকে ২টি দেশে তৈরি এলজি, ৭ রাউন্ড তাজা কার্তুজ, ৯টি খালি খোসা ও ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে। টেকনাফ মডেল থানার অপারেশন অফিসার রাকিবুল ইসলাম খান জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে একটি মামলার প্রস্তুতি চলছে।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, শুক্রবার গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী মহল্লায় পুলিশের মাদকবিরোধী অভিযানকালে বন্দুকযুদ্ধে মোস্তফা কামাল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত এবং উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ও উপ-পরিদর্শক মোশারফ হোসেন আহত হন। নিহত কামাল উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক মহল্লার আব্দুর রশীদের ছেলে। পুলিশ এ সময় আরো ৫ মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে।

আটকরা হলেন, ঘোষগাঁতী মহল্লার বাসিন্দা সনি আহমেদ, সজীব সাহা  গণেশ, সঞ্জয় কুমার সাহা এবং সিরাজগঞ্জের বেলকুচির বাসিন্দা সেলিম রেজা ও শফিকুল ইসলাম। পুলিশ এদের কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশ জানায়, বন্দুকযুদ্ধে গুরুতর আহত মাদক ব্যবসায়ী মোস্তফা কামালকে দ্রুত চিকিত্সার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিত্সকগণ তাকে মৃত ঘোষণা করেন। নিহত কামালের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় ১১টি মাদক মামলা রয়েছে। আহত দুই পুলিশ কর্মকর্তাকে স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।