বিপিএলের ষষ্ঠ আসর শুরু ৫ জানুয়ারি

বিপিএলের ষষ্ঠ আসর শুরু হবে আগামী বছর ৫ জানুয়ারি। একই বছর ৮ ফেব্রুয়ারি হবে প্রতিযোগিতার ফাইনাল খেলা। প্রথমে অক্টোবর-নভেম্বরে বিপিএল আয়োজনের কথা ভাবা হচ্ছিল। তবে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ধরে জানুয়ারি-ফেব্রুয়ারিতেই ঠিক করা হয় সূচি। সেক্ষেত্রে বিপিএলের সপ্তম আসর আর আগামী বছর নাও হতে পারে।  
 
রবিবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনায় বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই বৈঠক শেষে কাউন্সিলের সদস্য ও বিসিবির পরিচালক জালাল ইউনুস এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে আসন্ন বিপিএলে বিদেশি প্রত্যেক দল চারজন করে বিদেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে বলেও জানান তিনি। 
 
জালাল ইউনুস বলেন, ‘বিপিএলের ষষ্ঠ আসর শুরুর একটি তারিখ নিয়ে আমরা আজকে মোটামুটি আলোচনা করেছি। ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আগাম বিপিএল আয়োজন করব। আর আসছে অক্টোবরে কোন একদিন হবে প্লেয়ার্স ড্রাফট। 
 
ফ্রাঞ্চাইজিগুলোর প্লেয়ার ধরে রাখার ব্যাপারে বিসিবির এই পরিচালক বলেন, ‘বোর্ডের আগেরই সিদ্ধান্ত ছিল চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে প্রত্যেক দল। এই সংখ্যাটা স্থানীয় ও বিদেশি মিলেই হবে। সেক্ষেত্রে কোনও দল চাইলে কোনো দল চারজনই স্থানীয় বা চারজনই বিদেশি বেছে নিতে পারে। তবে সুপারিশের পর্যায়ে থাকা এসব সিদ্ধান্ত বোর্ড সভায় অনুমোদন হলেই সবকিছু চূড়ান্ত হবে।’
 
তাছাড়া ড্রাফটের বাইরে দলগুলো কয়জন ক্রিকেটার নিতে পারবে সেটিও বেঁধে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান জালাল ইউনুস। গত আসরের মতো এবারও খেলা হবে তিনটি ভেন্যুতে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।
 
ইত্তেফাক/কেআই