পাকিস্তানে সদ্য সমাপ্ত পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাওয়া সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এখন জোট সরকার গঠনের জন্য শরিক খুঁজছে। সরকার গঠনের জন্য যেকোন দলের প্রয়োজন ১৩৭ আসনের। তার দল পেয়েছে ১১৫টি। বড় কোনো দলের সঙ্গে জোট গড়তে রাজি নন ইমরান।
এ কারণে স্বতন্ত্র এমপি এবং বিভিন্ন প্রাদেশিক ও ছোট দলের দিকে ঝুঁকছেন তিনি। কেন্দ্রের বাইরে পাঞ্জাব প্রদেশেও সরকার গঠনের জন্য কাজ শুরু করেছে পিটিআই। সেখানকার নবনির্বাচিত চার স্বতন্ত্র সদস্য পিটিআই নেতার বাসভবনে তার সঙ্গে দেখা করে জোটে যোগ দিয়েছেন। পাকিস্তানের ডন পত্রিকা জানায়, ওই চারজন হলেন হুসাইন গারদেজি, সৈয়দ রাফাকাত হুসাইন শাহ, বাশারাত রান্ধাওয়া এবং হানিফ খান।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী অন্যদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছে পিটিআই। পাকিস্তানের নির্বাচন কমিশনের দেওয়া চূড়ান্ত ফল অনুযায়ী, কেন্দ্রীয় সরকার গঠনের জন্য আরও অন্তত ২২টি আসন প্রয়োজন ইমরানের।
প্রথম আমন্ত্রণ : এদিকে, পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খানকে কাবুল সফরের আমন্ত্রণ জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ইমরান এ আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। ২৫ জুলাইয়ের জাতীয় নির্বাচনে জয় পাওয়ায় ইমরানকে অভিনন্দন জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট। ইমরানের মুখপাত্র নাঈম উল-হক বলেছেন, আফগানিস্তান সফরে যেতে রাজি হয়েছেন পিটিআই নেতা। তিনি ১৪ আগস্ট শপথ নিতে পারেন বলে তার দল থেকে জানানো হয়েছে।
ইত্তেফাক/কেআই