সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ঝর্ণারপাড় এলাকার কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার ঘটনায় ফাঁকা গুলি করেছে পুলিশ। সোমবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর ১৮নং ওয়ার্ডের এই কেন্দ্রটিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রয়েছেন।
দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকরা কেন্দ্রটি দখল করে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ফাঁকা গুলি করে। বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে রয়েছে।
এদিকে জাল ভোটের অভিযোগে খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল ১০টায় দিকে নগরীর ৫নং ওয়ার্ডের খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোটের অভিযোগ করেন বিভিন্ন প্রার্থীর এজেন্টরা। একই সময়ে এই কেন্দ্রে কাউন্সিল প্রার্থী রিয়াদ আহমদ রুবেলের বিরুদ্ধে জাল ভোট প্রদান করেন বলে অভিযোগ করেন ধানের শীষের এজেন্ট দাওয়াত খন্দকার।
১০টার দিকে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এই কেন্দ্রে আসার পরপরই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপরপরই কেন্দ্রে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্টেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ছয়ফুল আলম চৌধুরী বলেন, ৫০ মিনিট কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে।
ইত্তেফাক/ইউবি