অদম্য শাহানাজ পারভীনের উচ্চ শিক্ষা নিয়ে সংশয়

অদম্য মেধাবী ছাত্রী শাহানাজ পারভীনের বাড়ি মহেশপুরের প্রত্যন্ত অঞ্চল আদমপুর গ্রামে। বাবা একজন দিনমজুর, মা পরের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
 
দিনমজুর পরিবারের হতদরিদ্র সন্তান শাহনাজ মহেশপুর উপজেলার সামছুল হুদা খান কলেজ থেকে এ বছর জিপিএ ৫ পেয়েছে। তার এই সাফল্যে এলাকা জুড়ে আনন্দের শেষ নেই। কলেজের শিক্ষক সহপাঠীরা দারুন খুশি। তবে আর্থিক অস্বচ্ছলতায় শাহানাজ পারভীনের উচ্চ শিক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
 
মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে শাহানাজ পারভীন। ৪ সন্তানের মধ্যে সে সবার ছোট। ভাইবোনদের মধ্যে সে একাই লেখাপড়া করে। তার পিতার একটি চোখ অন্ধ। এক চোখ নিয়েই তিনি দিনমজুরের কাজ করেন। ৫ শতক ভিটে জমি ছাড়া তাদের আর কিছু নেই। যা আয় হয় তা দিয়ে কোনরকম সংসার চলে। 
 
শাহানাজ জানায়, সে একই ড্রেসে এক সপ্তাহ কলেজ করেছে। অভাবের কারণে প্রাইভেট পড়তে পারেনি। শিক্ষকরা তাকে সহযোগিতা করেছেন। তার স্বপ্ন ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ইংরেজীতে লেখাপড়া করে বিসিএস পাশ করে প্রশাসনিক ক্যাডারে চাকরি করে দেশ সেবা করার। কিন্তু আর্থিক সংকটে ভরা অভাবের সংসারে তার সে স্বপ্ন আদৌ কি পূরন হবে? শংকিত শাহনাজ!
 
সে পড়াশুনা করার জন্য দেশের স্বচ্ছল মানুষের সহযোগিতা কামনা করেছে।
 
ইত্তেফাক/নূহু