দীর্ঘ নয় বছর পর বিদেশের মাটিতে সিরিজ জিতে খুশি টাইগারবাহিনী। বাংলাদেশ সময় শনিবার (২৮ জুলাই) দিবাগত রাতে শেষ হয় ওই ম্যাচ। সিরিজ জয়ের উচ্ছ্বাসে যখন দেশের মাটিতেও তখনি নেমে আসে শোকের ছায়া। রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেটে দলেও নেমেছে শোক।
দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু মনছুঁয়ে গেছে সিরিজ জয়ী দলের পেসার রুবেল হোসেনের। রবিবার (২৯ জুলাই) রুবেলের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে ‘স্ট্যাটাস’ দেখে সেটাই বোঝা যাচ্ছে।
রুবেল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘ড্রাইভার ভাইদের বলছি, আজকে আপনারা ট্রাফিক নিয়ম মেনে না চলায়, নিজেরা নিজেরা রেস করতে গিয়ে জীবন দিতে হচ্ছে কারো বাবা মার সন্তানকে, কারো আবার বাবা মাকে, মনে রাখবেন এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে…
এ কান্না শুধু তাদের সহপাঠী, পরিবার, আত্মীয়স্বজনের নয়! এ কান্না আজ সারা দেশের, প্রত্যেক মানুষের।’
স্ট্যাটাসের সঙ্গে তিনটি ছবি দেন তিনি। যেখানে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর লাশ পড়ে আছে। অন্য দুটি ছবিতে দেখা যায়, কাঁদছে শিক্ষার্থীদের স্বজন ও বন্ধুরা।
ইত্তেফাক/রেজা