কুমিল্লা মহানগর বিএনপি নেতা আমীরুজ্জামান আমীর এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ এটিএম শামসুল আলম এ আদেশ দেন। আগামী ৫ আগস্ট তাদের জামিন আবেদনের শুনানীর জন্য দিন ধার্য্য করেছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে নগরীর কুমিল্লা টাওয়ার নামক একটি ভবনে গোপন বৈঠক করে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় প্রথমে ১৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। এ মামলার চার্জশিটভুক্ত ১৮ জন আসামি জামিনে রয়েছেন।
সোমবার এ মামলার আসামি কুমিল্লা মহানগর বিএনপি নেতা আমীরুজ্জামান আমীর ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত আগামী ৫ আগস্ট জামিন আবেদনের শুনানীর দিন ধার্য্য করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি অ্যাড. মোস্তাফিজুর রহমান লিটন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. নাজমুস সা’দাত, অ্যাড. আ হ ম তাইফুর আলম, অ্যাড. আলী আক্কাছ, অ্যাড. মো. ইউছুফ আলী প্রমুখ।
ইত্তেফাক/নূহু