সাব-এডিটর কাউন্সিল ও জাতীয় প্রেসক্লাবের সদস্য মোস্তাক এলাহীর ইন্তেকাল

ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সাব এডিটর কাউন্সিল এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য ও নর্থ বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সদস্য, লালমনিরহাটের পাটগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টা এবং দৈনিক দিনকালের সিনিয়র সাব-এডিটর মোস্তাক এলাহী বাদশা (৪৭) রবির রাত সোয়া দশটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি........ রাজিউন)। 
 
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মোস্তাক এলাহী বাদশা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগজনিত সমস্যায় অজ্ঞান অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। 
 
মোস্তাক এলাহী বাদশা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাসিন্দা। সোমবার দুপুর ২ টায় স্থানীয় সাহেবডাঙ্গা স্টেডিয়াম মাঠে জানাজা শেষে রসুলপীর কবরস্থানে তাকে দাফন করা হয়। 
 
পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র শমসের আলী ও পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন।
 
ইত্তেফাক/নূহু