প্রদর্শনীর সবগুলো ছবি আঁকা হয়েছিল মার্চ মাসে ঢাকার অদূরে শালবনঘেরা গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত আর্ট ক্যাম্পে। ‘সুন্দর পরিবেশ, শিল্পিত জীবন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত চার দিনের ক্যাম্পে অংশ নিয়েছিল গাজীপুরের বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী। তাদের সঙ্গে ছবি এঁকেছিলেন দেশের খ্যাতনামা ত্রিশ শিল্পী। সেইসব ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হলো বৈচিত্র্যময় প্রদর্শনী।
সৃষ্টিশীল শিল্পচর্চার মাধ্যমে মানবিক প্রজন্ম গড়ে তোলার তাগিদে চারুকলা উত্সব গাজীপুর উদ্যাপন পরিষদ সেই ক্যাম্পে চিত্রিত ছবি শনিবার বিকালে চারুকলায় তিন দিনব্যাপী প্রদর্শনীর সূচনা হয়। অনুষদের করিডোরে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথির বক্তব্য দেন বরেণ্য শিল্পী রফিকুন নবী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী। সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন।