দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) আসনের মোকাব্বির খানকে কারণ দর্শানো নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। শনিবার রাজধানীর আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে গণফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সভায় এক সিদ্ধান্তে গঠনতন্ত্রের ৮ম ধারা মোতাবেক দলের লক্ষ্য, আদর্শ, নীতি, গঠনতন্ত্র, কর্মসূচি পরিপন্থি কাজের জন্য মোকাব্বির খানকে কারণ দর্শানো নোটিস জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।’
এদিকে গতকালের সভায় আগামী ২৬ এপ্রিল দলের বিশেষ কাউন্সিল অনুষ্ঠানে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, কাউন্সিল অনুষ্ঠানের জন্য ঢাকা মহানগর নাট্যমঞ্চ বরাদ্দ চেয়ে পুলিশের কাছে আবেদন করলেও এখনো সাড়া মেলেনি।
সভায় সাধারণ সম্পাদকের রিপোর্টে গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু বলেন, সংসদ নির্বাচনে চরম রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে বিরোধী দলকে নির্বাচনের মাঠে নামতে না দিয়ে, পোস্টার প্রচারপত্র বিলি করতে না দিয়ে, ভোটকেন্দ্রে এজেন্ট ঢুকতে না দিয়ে এবং ভোটারদের ভোট দিতে না দিয়ে সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। ঐক্যফ্রন্ট সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করে গণশুনানি অনুষ্ঠান, প্রতিবাদ সভা-মানববন্ধনসহ নানা কর্মসূচি গ্রহণ করে, যা অব্যাহত আছে। প্রহসনের নির্বাচনের কারণে বর্তমান নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণের চরম অনাস্থা সৃষ্টি হয়। যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অশনিসংকেত। দেশে চলছে চরম রাজনৈতিক হয়রানি। চলছে ডিজিটাল আইনের চরম অপপ্রয়োগ। আর্থিক প্রতিষ্ঠানগুলো লুটপাট ও অব্যবস্থার কারণে দেউলিয়া প্রায়। শেয়ার বাজার ধ্বংসপ্রায়, আইন-শৃঙ্খলা ব্যবস্থার অবনতি। প্রতিকার বিহীনভাবে বেড়ে চলছে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন।