পুলিশ হেডকোয়ার্টার্সের ইনটেলিজেন্স শাখা, রংপুর, লালমনিরহাট ও বগুড়ার পুলিশের একটি দলের বিশেষ অভিযানে গত রবিবার রাতে গ্রেফতারকৃত নব্য জেএমবি’র ৪ সদস্যের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে রংপুর আদালত।
আজ মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর ২টায় রংপুরের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া জেএমবি সদস্যরা হলো- জেলার গঙ্গাচড়া উপজেলার কুড়িবিশ্বা দোলাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে রংপুর জেলার দাওয়াহ বিভাগের প্রধান আজহারুল ইসলাম ওরফে ওয়ানুর (৩২), একই উপজেলার চর বাগডহড়া গ্রামের নৈয়ব আলীর ছেলে গঙ্গাচড়া উপজেলার দাওয়াহ বিভাগের প্রধান আকরামুজ্জামান ওরফে মুকুল (২৬), একই গ্রামের মমিন আলীর ছেলে রংপুর জেলার ইছাবা (সামরিক) সদস্য ফারুক ওরফে সাজু (২২) ও ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে রংপুর জেলার ইছাবা (সামরিক) সদস্য আব্দুল হাকিম ওরফে মিলন (৩৪)।
আদালত সূত্রে জানা যায়, পুলিশ হেডকোয়ার্টার্সের ইনটেলিজেন্স শাখা, রংপুর, লালমনিরহাট ও বগুড়ার পুলিশের একটি দল রবিবার বিশেষ অভিযান চালিয়ে ৪ জন সক্রিয় জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচরা থানার এস আই আব্দুল মতিন আদালতে আসামিদের হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের মধ্যে চারজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইত্তেফাক/এমআই