‘সারফারোশ-২' আমিরের বিকল্প জন আব্রাহাম?

আমির খানের ব্লকবাস্টার মুভি ‘সারফারোশ’-এর দ্বিতীয় কিস্তি নির্মিত হতে যাচ্ছে। 'সারফারোশ ২'-এর আমির খানের করা অজয় সিং রাথোরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন বলিউযের হ্যান্ডমাস হাঙ্ক জন আব্রাহাম। 
 
ভারতীয় গণমাধ্যম মিড ডে সূত্রে জানা গেছে, পরিচালক জন ম্যাথিউ মাথান এই ভূমিকায় জন আব্রাহামকে নিতে ভীষণ আগ্রহী। আর নকশাল আন্দোলনের ওপর ভিত্তি করে ছবির গল্পটি নির্মিত। 
 
জানা যায়, জনের সাথে পরিচালকের কথা অনেকদূর এগিয়েছে। 'নকশাল মুভমেন্ট' ও 'রেড করিডর'কে উপজীব্য করেই সিক্যুয়েলের কাহিনি এগিয়েছে। প্রথমটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই আবার শুরু হবে নতুন ছবির কাহিনি।
 
তবে, এ বিষয়ে পরিচালকের কাছে জানতে চাইলে তিনি জনের কাস্টিংয়ের ব্যাপারে খুব একটা কিছু জানাননি। তিনি বলেন, বিস্তারিত জানাবার সময় এখনো আসেনি। আমি কেবল স্ক্রিপ্ট তৈরি করছি। অনেকের সাথেই কথা হচ্ছে। কাস্টিংয়ের বিষয়ে এখনো সঠিক কোনো তথ্য দেওয়া যাচ্ছে না।
 
ইত্তেফাক/রেজা