প্রশ্নপত্রে পর্নোতারকার নাম দেওয়া শিক্ষক শংকর বরখাস্ত

ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির পরীক্ষায় দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্নোতারকার নাম ছাপার দায়ে শিক্ষক শংকর চক্রবর্তীকে শনিবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত বুধবার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নবম শ্রেণির বাংলা প্রথম পত্রে একটি বহু নির্বাচনী প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?’ এই প্রশ্নের সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে- পর্নো তারকা মিয়া খালিফার নাম। তবে তার নাম লেখা হয়েছে ‘মিয়া কালিফা’। আরেকটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘আম-আটির-ভেঁপু’ কার  লেখা? এই প্রশ্নের সম্ভাব্য চারটি উত্তরের একটি হচ্ছে ‘সানি লিয়ন’।

রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকার সাংবাদিকদের বলেছেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। লজ্জাজনক প্রশ্নপত্র তৈরির কারণ জানতে চেয়ে তাকে কারণ দর্শানোর নোটিসও করা হয়েছে। আগামী ২৪ এপ্রিলের মধ্যে তাকে এর জবাব দিতে বলা হয়েছে। তিনি আরো বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল। যে ভুল হয়েছে- তা খুবই লজ্জাজনক।

শুক্রবার রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্রে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বলেছিলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এটি খতিয়ে দেখা হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।