মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে মঙ্গলবার আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় সদর মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহত এসআই অনিমেশ বিশ্বাস ও এএসআই মহাশিন আলমকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীদের নেতা শাহেব মাতুব্বরকে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকনের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি ধরার জন্য সদর মডেল থানার এসআই শ্যামলেন্দু ঘোষের নেতৃত্বে সদর উপজেলার কালিকাপুরের চেয়ারম্যান বাজার এলাকায় যায় পুলিশের একটি দল। বাজারে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি শাহেব মাতুব্বরের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশের উক্ত দুই কর্মকর্তা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। আহত পুলিশ কর্মকর্তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জুলাই সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও কালকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকনকে দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার দুইজন এসআইয়ের নেতৃত্বে পুলিশের একটি টিম কালিকাপুর চেয়ারম্যান বাজার এলাকায় আসামি ধরতে গেলে তাদের উপর দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। প্রধান হামলাকারীকে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি