মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়ভাঙ্গা বাজারে মাতাল যুবকের হাসুয়ার কোপে জীবন আলী (২০) নামের এক সেলুন কর্মচারী রক্তাক্ত জখম হয়েছে। এ সময় স্থানীয় জনতা মাতাল যুবক সোহেল রানাকে গণ-ধোলাই দিয়েছে। আহত জীবন আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের বাসিন্দা। মাতাল যুবক সোহেল রানা (২৫) গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের কালীতলাপাড়ার মৃত গোলাম সরোয়ারের ছেলে।
স্থানীয় শরিফুল ইসলাম কসাই জানান, জীবন আলী হাড়ভাঙ্গা বাজারের সেন্টারপাড়ায় একটি সেলুনে কাজ করছিল। এ সময় সোহেল রানা মোটরসাইকেলযোগে এসে ওই সেলুনে প্রবেশ করেই জীবনকে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। হাসুয়ার কোপে সে রক্তাক্ত জখম হয়।
পরিস্থিতি সামাল দিতে, স্থানীয়রা সোহেলকে গণ-পিটুনি দিলে সেও আহত হয়। এ সময় বাজারের লোকজন তাদের দুজনকে স্থানীয় ক্লিনিকে নেয়। পরে জীবন আলীর শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোহেলকেও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
IMG0
কি কারণে যুবক সোহেল রানা জীবন আলীকে হামলা করেছে তার কারণ জানা যায়নি। খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইত্তেফাক/নূহু