সম্পাদিত রিপোর্ট দিতে চান অ্যাটর্নি জেনারেল, ডেমোক্র্যাটদের নাকচ

রবার্ট মুলারের প্রতিবেদনের সম্পাদিত অংশ কংগ্রেসকে দিতে চান মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তিনি কংগ্রেসের কাছে এই সংক্রান্ত প্রস্তাবও দিয়েছেন। কিন্তু ডেমোক্র্যাটরা তার সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন। খবর রয়টার্স ও আল-জাজিরা’র

যেটুকু প্রকাশ করা হয়েছে সেটুকুই দেখতে কংগ্রেসের কাছে প্রস্তাব দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। কিন্তু ডেমোক্র্যাটরা মুলারের মূল রিপোর্টটিই দেখতে চেয়েছেন। এজন্য প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির নেতৃত্বে ছয় ডেমোক্র্যাট এবং সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক চুসুমার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠিও দিয়েছেন। তারা বিচার বিভাগের সঙ্গে এ বিষয়ে আলোচনায়ও রাজি বলে জানিয়েছেন। চিঠিতে আরো স্বাক্ষর করেছেন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান জেরল্ড নাডলার, গোয়েন্দা কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফ, সিনেট বিচার বিভাগীয় কমিটির শীর্ষ ডেমোক্র্যাট ডিয়েনে ফেইনস্টেইন এবং সিনেট গোয়েন্দা কমিটির ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নার। তারা বলেছেন, সাংবিধানিক দায়-দায়িত্ব থেকে মুলারের পূর্ণাঙ্গ রিপোর্ট যাতে দেখা যায় সেই ব্যবস্থা বিচার বিভাগের করা উচিত। রাজনীতিকদের রিপোর্টটি দেখানো উচিত। এর আগে শুক্রবার নাডলার আগামী পহেলা মে’র মধ্যে রিপোর্টটি কংগ্রেসের কাছে তলব করে অ্যাটর্নি জেনারেলকে চিঠি দেন।