নাগরিকপঞ্জি নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা

ঘৃণা ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আসামে মামলা করলো রাজ্য বিজেপির তিন কর্মী। এর কয়েক ঘণ্টা আগে মমতা বলেছিলেন, নাগরিকপঞ্জিকে ঘিরে ‘গৃহযুদ্ধ’ ও ‘রক্তগঙ্গা’ হবে।
 
বুধবার দিল্লিতে মমতা ব্যানার্জি বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আসামের নাগরিকপঞ্জি করা হয়েছে। বিজেপি মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে। এটি সহ্য করা হবে না, দেশে গৃহযুদ্ধ ও রক্তগঙ্গা দেখা দেবে। আমরা এটা হতে দেবো না।’
 
কেবল রাজনৈতিক কারণেই লাখো মানুষকে রাষ্ট্রহীন করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন মমতা।
 
জবাবে মমতার বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ আনেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। অমিত শাহ বলেন, ‘তার বক্তব্য শুনে আমি অবাক হয়েছি। তিনি ভোটের রাজনীতি করছেন।’
 
আসামের চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৪০ লাখ ৭ হাজার ৭০৮ জনের নাম। এদের বেশিরভাগই বাংলাভাষী মুসলমান বলে মনে করা হচ্ছে। যদিও এ নিয়ে নির্দিষ্ট তথ্য এখনও দেওয়া হয় নি। এছাড়া বাদ পড়েছে অনেক বাঙালী হিন্দুর নামও।
 
সরকার বলছে, যাদের নাম বাদ পড়ছে, তাদের চিন্তার কোন কারণ নেই। একমাসের মধ্যে তথ্য নথিসহ আবারও দাবি পেশ করা যাবে। আর যাদের নাম বাদ পড়েছে, তাদের এখনই অবৈধ বিদেশি বলে চিহ্নিতও করা হবে না বা বন্দী শিবিরে পাঠানো হবে না।
 
ইত্তেফাক/টিএস