নিরাপদ সড়ক ও রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ করে।
বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে নগরীর কাজীর দেউড়ি এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল ও স্লোগান দিয়ে জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় মিছিলের পিছনে পিছনে পুলিশের গাড়ি যেতে দেখা যায়।
সমাবেশে সড়ক দুর্ঘটনা রোধে ব্যর্থতার জন্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে দায়ি করে তার পদত্যাগের দাবি জানানো হয়। সমাবেশ চলাকালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পরে পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে ফুটপাতে অবস্থান নেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন বলেন, নিরাপদ সড়কের দাবিতে কিছু শিক্ষার্থী মিছিল করেছে। পরে পুলিশের অনুরোধে তারা চলে গেছে।
ইত্তেফাক/আরকেজি