বাগেরহাটে ধর্ষণ মামলায় মাদ্রাসা অধ্যক্ষ জেলে

বাগেরহাটের রামপালে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় পুলিশ ওলিয়ার রহমান নামে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে।  শুক্রবার রাত দশটার দিকে উপজেলার শরাফপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত ৪ আসামির মধ্যে দুইজন গ্রেফতার হলো। এর আগে একই মামলায় ফেরদৌস শেখ নামে এক মুদি দোকানিকে গ্রেফতার করা হয়।

রামপাল থানা পুলিশ জানায়, ফকিরহাটে নানা বাড়িতে থেকে রামপাল উপজেলার একটি মাদ্রাসার ছাত্রীনিবাসে থেকে পড়ালেখা করছিল শিশুটি। মাদ্রাসার সামনের মুদি দোকানি ফেরদৌসের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্র ধরে গত ১১ এপ্রিল রাতে মুদি দোকানি ফেরদৌস মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার দুপুরে শিশুটির এক মামা বাদী হয়ে মাদ্রাসা অধ্যক্ষ ওলিয়ার রহমান ও মুদি দোকানি ফেরদৌস শেখসহ ৪ জনের বিরুদ্ধে রামপাল থানায় মামলা করে।

গ্রেফতারকৃত ফেরদৌস শেখ রামপাল উপজেলার শরাফপুর গ্রামের লুত্ফর শেখের ছেলে। ওলিয়ার রহমান স্থানীয় শরাফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এদিকে গতকাল শনিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রামপাল থানার ওসি লুত্ফর রহমান জানান, পলাতক দুই আসামিকে ধরতে পুলিশ কাজ করছে।