নিরাপদ সড়কের দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি ও টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওইসব এ এলাকার আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
বেলা সাড়ে এগারটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা মোড়ে বিভিন্ন স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। তারা নিরাপদ সড়কের দাবিতে চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অবস্থান নিয়ে স্লোগান দেয়।
শান্তিপূর্ণ অবরোধকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থালে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর সোয়া একটার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
এদিকে সকাল ১০টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকা এবং ১১টার দিকে কোানবাড়ি এলাকায় আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ইত্তেফাক/আরকেজি