চট্টগ্রামে বাসা থেকে গৃহবধূর হাত বাধা লাশ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাসা থেকে বিবি রহিমা নামে এক গৃহবধূর হাত বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার নগরীর চান্দগাঁও থানার উত্তর-পশ্চিম ফরিদার পাড়া এলাকায় আব্দুর রহিম মুন্সীর বাড়িতে এই ঘটনা ঘটেছে।
 
বাসায় দুই বছর ৯ মাস বয়সী একটি শিশু থাকলেও সে অক্ষত রয়েছে। রহিমার স্বামী এহতেশামুল পারভেজ সিদ্দিকী পেশায় আইনজীবী। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক। ঘটনার পর স্থানীয় থানা এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এসময় নিহতের স্বামীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।
 
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে পারভেজ বাসা থেকে বেরিয়ে আদালতে যান। দুপুর আড়াইটার দিকে তিনি বাসায় ফিরে স্ত্রীর লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেখতে পায়, রহিমার গলায় কাপড় পেঁচানো আছে। তার দুই হাত পেছন থেকে বাধা অবস্থায় পাওয়া গেছে।
 
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারিশ খান সাংবাদিকদের জানান, বাসার ভেতরে দুটি কক্ষ আছে। ভেতরের কক্ষে খাটের উপর লাশটা পাওয়া গেছে। কিছু জিনিসপত্র তছনছ অবস্থায় পাওয়া গেলেও কিছু হারায়নি বলে পারভেজ সাহেব নিশ্চিত করেছেন। তবে একটা টিভি কার্ডের মনিটর পাওয়া যাচ্ছে না বলে তিনি জানিয়েছেন। কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সেটা আমরা এখনও নিশ্চিত নই।
 
ইত্তেফাক/আরকেজি