জলাবদ্ধতা এড়াতে নিজের নির্বাচনী পোস্টার সরিয়ে নিচ্ছেন আরিফ

নির্বাচন শেষ হওয়ার দুইদিনের মাথায় নিজের পোস্টার সরিয়ে নিলেন সদ্য শেষ হওয়া সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকা মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার বিকালে কুমারপাড়াস্থ আরিফের বাসার সামনে খুঁটির সঙ্গে বাধা নিজের পোস্টার অপসারণ করেন তিনি। পরে নগরীর অন্য এলাকায় তার নির্বাচনী পোস্টার সরাতে নেমে পড়েন।

আরিফুল হক চৌধুরীর নিজস্ব শ্রমিকের পাশিপাশি সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার সদস্যরা পোস্টার সরানোর কাজে সহায়তা করে। এ সময় আরিফ বলেন, ১৯৬ জন প্রার্থীর কয়েক লাখ পলিথিনে মোড়ানো পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। সাধারণভাবে এসব পোস্টার ও পলিথিন পাশের ড্রেনে গিয়ে পড়লে বিপর্যস্ত হবে নগরীর পুরো ড্রেনেজ ব্যবস্থা।

আরিফ বলেন, জয় পরাজয় বড় কথা নয়। সমৃদ্ধ ও সুন্দর সিলেট গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই পোস্টার ও পলিথিন ড্রেনে গিয়ে পড়লে পুরো নগরী জলাবদ্ধতার কবলে পড়বে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তিনি সকল প্রার্থীকে নগরীর স্বার্থে নিজ নিজ পোস্টার সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জলাবদ্ধতা থেকে নগরকে রক্ষা করুন।

এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরীসহ (ভিপি মাহবুব) বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু