জাপান সফরকালে উ. কোরিয়া ইস্যুতে আলোচনা করতে পারেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আগামী সপ্তাহে জাপান সফরকালে প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে উত্তর কোরিয়া সংকট নিয়ে আলোচনা করতে পারেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘের এক নারী মুখপাত্র একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
গুতেরেস আগামী ৮ আগস্ট আবের সঙ্গে আলোচনার জন্য টোকিও যাবেন। ওই দিনই পরে তিনি বার্ষিক শান্তি অনুষ্ঠানে যোগ দিতে নাগাসাকিতে যাবেন।
 
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবে বৈঠকে বসার প্রচেষ্টা চালাচ্ছেন এমন খবরের মধ্যে জাতিসংঘ মহাসচিবের এ বৈঠকের খবর আসলো। রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্তক নগরীতে আগামী সেপ্টেম্বরে তাদের মধ্যে এ বৈঠকের সম্ভাবনা রয়েছে।
 
জাতিসংঘ মুখপাত্র ইরি কানেকো সাংবাদিকদের বলেন, ‘আবের সঙ্গে গুতেরেসের বৈঠক চলাকালে উত্তর কোরিয়ার মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে আমরা আশা করছি।’ বাসস। 
 
ইত্তেফাক/ জেআর