ইমরান খানের শপথে থাকছেন না বিদেশি নেতারা

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ অনুষ্ঠানে বিদেশি নেতাদের আমন্ত্রণ করা হবে না বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর। আসছে ১১ আগস্ট ইমরান খান শপথ নেবেন।
 
এর আগে পিটিআই জানিয়েছিল, শপথ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দক্ষিণ এশিয়ার নেতাদের আমন্ত্রণ জানানো হবে।
 
পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরি বলেন, গণমাধ্যমে প্রকাশিত শপথ অনুষ্ঠানে বিদেশি নেতাদের যোগ দেয়ার তথ্য সঠিক নয়। অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে শপথ নেবেন ইমরান খান।
 
তিনি বলেন, ‘কোন বিদেশি নেতাকে আমন্ত্রণ জানানো হবে না। এটি জাতীয় পর্যায়ের ব্যক্তিদের অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর বাইরে ইমরান খানের কিছু কাছের বন্ধুকে আমন্ত্রণ জানানো হতে পারে।’
 
২০১৪ সালে ভারতীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। অন্যদিকে ২০১৫ সালের ডিসেম্বরে নওয়াজ শরীফের জন্মদিন অনুষ্ঠানে আকস্মিক হাজির হন মোদি।
 
ইত্তেফাক/টিএস