শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরও খুলনায় আন্দোলন করেছে শিক্ষার্থীরা। ঢাকায় আন্দোলনরত স্কুল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিভিন্ন স্কুল-কলেজ থেকে শত শত শিক্ষার্থী নগরীর শিববাড়ি মোড়ে জড়ো থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শিববাড়ি এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে আন্দোলন চলাকালে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় ট্রাফিক পুলিশের এটিএসআই আবু সোলাইমান ও ছাত্রসহ সাতজন আহত হয়েছেন। আহত ছাত্ররা হলেন- খুলনা সরকারি কমার্শিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মেহেদী হাসান আবু জর, খুলনা মডেল কলেজের ছাত্র মিহান, আগাখান স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র রাফিক হাসান, মুহসিন কলেজের ছাত্র রাজু, ও শহীদ মো. জাহিদ। এছাড়া আহত অপর দুই ছাত্রের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও বেলা ১১টা থেকেই নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শিববাড়ি মোড়ে সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল, আযম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সিটি কলেজ, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা পাবলিক কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, খুলনা পলিটেকনিক কলেজ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়। তাদের হাতে বিভিন্ন প্লে-কার্ড দেখা যায়। এতে উই ওয়ান্ট ‘জাস্টিস’ ও ‘যদি তুমি ভয় পাও/ তবে তুমি শেষ/ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এ সময় শিববাড়ি চত্বর শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে। শিববাড়ি মোড়ের এ আন্দোলন ছড়িয়ে পড়ে নগরীর বিভিন্ন স্থানে। একপর্যায়ে শিববাড়ি মোড়ের আন্দোলনরত ছাত্ররা গাড়ি থামিয়ে লাইসেন্স চেক করতে শুরু করে। যা খুলনা-যশোর মহাসড়ক, জব্বার সরণী, কেডিএ এভিনিউসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের এ বিক্ষোভ চলে বিকাল চারটা পর্যন্ত।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শিববাড়ির মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে নগরীতে তীব্র যানজট সৃষ্টিসহ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। দুপুর আড়াইটার দিকে ছাত্ররা একটি প্রাইভেট কার চালকের লাইসেন্স দেখতে চাইলে তিনি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে শিববাড়ি এলাকা ত্যাগ করে। এতে পুলিশের এটিএসআই আবু সোলাইমান ও ছাত্রসহ সাতজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ