যমুনেশ্বরী নদী ভাঙ্গন, ঝুঁকিতে এলাকাবাসী

গত কয়েকদিন টানা বর্ষণের ফলে যমুনেশ্বরী নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়াও ইসমাইল যদুমনি এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে হুমকিতে রয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ।
 
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, যমুনেশ্বরী নদীর পানির স্রোতের তীব্রতার কারণে কিশোরগঞ্জ থেকে বড়ভিটা যাওয়ার একমাত্র সড়কটির প্রায় ৫০ মিটার জায়গার মাটি নদীতে ধসে গেছে। এছাড়া কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইল গ্রামের যদুমনি এলাকায় প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। গত কয়েকদিনের ভাঙ্গনের ফলে কৃষকের ফসলী জমিসহ গাছপালা নদীতে তলিয়ে গেছে।
 
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ বলেন, কিশোরগঞ্জ-বড়ভিটা সড়কের বজলার মেম্বারের বাড়ির কাছে সড়কের অনেক মাটি ধসে পড়েছে। যে কোন মুহূর্তে সড়কটি নদীতে ভেঙ্গে যেতে পারে।
 
কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম বলেন, আমি সড়কের ব্যাপারে উপজেলা প্রকৌশলীকে বলেছি। এছাড়াও উত্তর দুরাকুটি ইদগাহ মাঠটি ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য সংসদ সদস্যকে বলে ৫ লাখ টাকা বরাদ্দ নিয়ে কমিটির কাছে হস্তান্তর করেছি। 
 
কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী এসএম কেরামত আলী নান্নু বলেন, কিশোরগঞ্জ-বড়ভিটা সড়কটি ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য ইতিমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যে সড়কটি মেরামত করতে পারব।
 
ইত্তেফাক/এমএসএইচবি/বিএএফ