নীলফামারীর ডোমার-চিলাহাটি সড়কের পাঙ্গা নদীর উপর আমবাড়ি হাট ব্রিজটি যেকোনো সময় ধসে পড়তে পারে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
লাখো মানুষের চলাচলের একমাত্র ব্রিজটির দুই পাশের র্যালিং ভেঙে পড়েছে। প্রতিনিয়ত ভেঙে পড়ছে ব্রিজের বিভিন্ন অংশ। প্রায় ১০ বছর আগে ব্রিজের একটি বড় অংশ ধসে চলাচল বন্ধ হয়ে গেলে ওই অংশটি পুরাতন স্টিল দিয়ে বেইলি ব্রিজ করা হয়। এখন ব্রিজের বড় অংশ ভাঙা, আর ছোট একটি অংশ পুরাতন স্টিলে বেইলি ব্রিজ। দেশ স্বাধীনের আগে তৈরি এই ব্রিজটি এখন বয়সের ভারে নুয়ে পড়েছে।
আমবাড়ি এলাকার ইলিয়াছ হোসেন, ছপির উদ্দিন ও মুক্তিযোদ্ধা প্রমির হোসেন বলেন, দেশ স্বাধীনের আগে তৎকালীন চেয়ারম্যান আব্দুল লতিফের তত্ত্বাবধানে আমবাড়ি হতে চিলাহাটি যাওয়ার একমাত্র এই সড়কটির উপর একটি ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটির উপর দিয়ে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার মানুষ ভাউলাগঞ্জ চিলাহাটি হয়ে আমাবাড়ি, গোমনাতি ও পার্শ্ববর্তী ডিমলা উপজেলা রংপুর, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়ত করে। বিজ্রটির এখন যে অবস্থা তাতে যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ব্রিজটি পুনঃনির্মাণের দাবি জানান তারা।
ইত্তেফাক/এমএমএ/জেডএইচ