বাড়ছে ইউরোপের তাপমাত্রা। যেকোন মুহূর্তে পূর্বের রেকর্ড ভেঙ্গে তাপদাহ পৌঁছাতে পারে নতুন উচ্চতায়। সম্প্রতি এমন সতর্কতাই দিয়েছেন আবহাওয়াবিদরা। ইউরোপের আবহাওয়া বিষয়ে সতর্কতা জারি বিষয়ক সংস্থা মেটেওএলার্ম ইতিমধ্যে পর্তুগাল ও স্পেনের জন্যে লাল সতর্কতা জারি করেছে। যার মানে হচ্ছে, সেখানে তাপদাহের কারণে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। খবর বিবিসি’র।
খবরে বলা হয়, ইউরোপের বর্তমান সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হচ্ছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭৭ সালের জুলাই মাসে গ্রিসের রাজধানী এথেন্সে এই তাপমাত্রা বিরাজ করেছিল। তবে সম্প্রতি সে রেকর্ড ভাঙার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
স্পেন ও পর্তুগালজুড়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এর সঙ্গে যোগ হয়েছে আফ্রিকান গরম বাতাস। ‘বিবিসি ওয়েদার’ অনুসারে, শুক্রবার ও শনিবার স্পেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং পর্তুগালের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
এখন পর্যন্ত পর্তুগালে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হচ্ছে ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালে এ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছিল। স্পেনের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছিল গত বছরের জুলাইয়ে, ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
স্পেন ও পর্তুগালের তুলনায় বেশ কমই আছে যুক্তরাজ্যের তাপমাত্রা। ধারণা করা হচ্ছে দক্ষিণ-পূর্বাঞ্চলে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, স্পেনের আবহাওয়া সংস্থা ইতিমধ্যে রবিবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপদাহ বেশ তীব্র ও দীর্ঘস্থায়ী।
মেটেওএলার্ম পর্তুগালের দক্ষিণাঞ্চল ও স্পেনের বাদাজোজ প্রদেশের জন্য লাল সতর্কতা জারি করেছে। এছাড়া ইতালিতেও মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে রোম, ফ্লোরেন্স ও ভেনিসের মতো পর্যটন এলাকাও।
ইত্তেফাক/ জেআর