শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, ইউপি চেয়ারম্যান আহত

শ্রীবরদীতে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে মোটরসাইকেল চালক রবিউল (২৫)নিহত হয়েছেন। আহত হয়েছেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ তিনজন। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর হতে নিলক্ষিয়া সড়কের নয়ানি শ্রীবরদী এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত রবিউল উপজেলার নয়ানি শ্রীবরদী গ্রামের মিষ্টার আলীর ছেলে। আহতরা একই গ্রামের ইয়াস উদ্দিনের ছেলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী (৫০), দেলোয়ার হোসেনের ছেলে দিনা (১০) ও পোড়াগড় গ্রামের ফোয়াজ উদ্দিনের ছেলে ট্রলি চালক আশারু মিয়া (২৫)।
 
 
জানা যায়, রবিউল, আইয়ুব আলী ও দিনা মোটরসাইকেলে উপজেলা শহর থেকে বাড়ি যাবার পথে বিপরীত থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় চালক রবিউল, আইয়ুব আলী, দিনা ও আশারু মিয়া।
 
পরে উপস্থিত লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় দায়িত্বরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। আইয়ুব আলী ও দিনাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
 
ট্রলির চালক আশারু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চিকিৎসক মির্জা মাশরোর জানান, রবিউল হাসপাতালে ভর্তির আগেই মারা যায়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/কেআই