মেহেরপুরের সকল রুটের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকেই মেহেরপুর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা লোকাল রুট এবং ঢাকা বরিশাল খুলনা রুটের কোন যানবাহনই মেহেরপুর থেকে ছেড়ে যায়নি। একধরনের অঘোষিত ধর্মঘটের কবলে পড়েছে সকল রুটের সাধারণ যাত্রীরা।
মেহেরপুর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, কেন্দ্রীয় শ্রমিক নেতাদের নির্দেশে নিরাপত্তাহীনতার কারণেই যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া মেহেরপুরের বেশিরভাগ শ্রমিকের ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য বিআরটিএতে জমা দিলেও ২/৩ বছরের মধ্যে কোন লাইসেন্স নবায়ন হয়নি। আবার নুতন লাইসেন্সের সকল প্রক্রিয়া সম্পাদন হওয়া সত্ত্বেও সেগুলিও পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে রাস্তায় ট্রাফিক ধরে জরিমানা আদায় বা মামলা ঠুকে দিচ্ছে। অপর দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে লাঞ্চিত হতে হচ্ছে। যার কারণে শ্রমিকরা গাড়ি চালাচ্ছে না।
মেহেরপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল বলেন শ্রমিকরা হঠাৎই একক সিদ্ধান্তে গাড়ি বন্ধ করেছে মালিক পক্ষকে না জানিয়ে। কিন্তু মালিক এবং শ্রমিক পক্ষের সিদ্ধান্ত ছিল কখনও গাড়ি বন্ধ করতে হলে যৌথ মতামতের ভিত্তিতেই করতে হবে। তারা কেন একক সিদ্ধান্তে বন্ধ করল সেটি আমার বোধগম্য নয়। তিনি বলেন যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে এর আশু সমাধান হবে বলে আশা করছি।
ইত্তেফাক/আরকেজি