অবৈধ স্থাপনা উচ্ছেদ: রাজবাড়ীতে সংখ্যালঘুদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইসলামপুর ইউনিয়নের নারায়নপুর মহাশশ্মানে দখলকৃত ১৫ শতাংশ জমিতে প্রশাসনকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদের পর স্থানীয়রা কয়েকজন হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ করেছে। শুক্রবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নারায়নপুর মহাশশ্মান কমিটির সভাপতি সুনীল কুমার ঘোষ এ অভিযোগ করেন।
 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৩১ জুলাই স্থানীয় প্রশাসন নারায়নপুর মহাশশ্মানের জবর দখলকৃত ১৫ শতাংশ জমির উপর নির্মিত অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেন। তারপরই একটি মহল এলাকার শান্তি নষ্ট করার লক্ষে পায়তারা শুরু করেছে এবং নারায়নপুর গ্রামের মৃত কেসমত শেখের ছেলে মো. খালেক শেখ বাদী হয়ে বৃহস্পতিবারে রাজবাড়ী আদালতে গিয়ে আমাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। 
 
নারায়নপুর মহাশশ্মান কমিটির সভাপতি সুনীল কুমার ঘোষ বলেন, আমরা এলাকায় শান্তি চাই। আমাদের নামে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহার করার দাবি জানান তিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন নারায়নপুর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি শিকদার, বিজন কুমার শিকদার, অলোক কুমার সরকার, বিকাশ শর্মা, স্বপন কুমার শিকদার, অশোক শিকদার প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ