হাটহাজারীতে শিশু আরিফ অপহরণকারী দম্পতিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরসভার আলিপুর এলাকার নতুন কাজী বাড়ির ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অপহরণের আটদিনের মাথায় দু’লাখ টাকা মুক্তিপণ নিয়ে শিশুটিকে নির্দিষ্ট স্থানে মা-বাবার কাছে ফেরৎ দেয় অপহরণকারীরা। অবশেষে পুলিশের তৎপরায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণের এক মাসের মাথায় অপহরণকারী দম্পত্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, আরিফুল ইসলাম গত ২ জুলাই নিখোঁজ হয়েছে এ ধরনের একটি নিখোঁজ জিডি পাওয়ার পর পর আমরা শিশুটিকে উদ্ধারে মাঠে নেমে পড়ি। শিশুর জীবনের ঝুঁকি না নিয়ে তাকে জীবিত উদ্ধারে আমরা খুবই সতর্কতার সহিত কাজ করতে থাকি।
পরে ১০ জুলাই অপহরণের একটি মামলা এবং পরিবারের পক্ষ থেকে দু’লাখ টাকা মুক্তিপণ দিয়ে শিশুটিকে উদ্ধারের পর কল লিস্টের সূত্র ধরে সামনে এগোতে থাকি, বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবশেষে অপহরণের মূলহোতাসহ দম্পত্তিকে আমরা আটক করি।
তিনি বলেন, ভিকটিমের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণের দুই লাখ টাকা দিয়ে ভিকটিম আরিফুলকে উদ্ধার করে পরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে অপহরণকারীকে আটক করা হয়।
আটককৃত মো. শায়েক হোসেন রিমন (২৬) পৌরসভার আদর্শগ্রাম এলাকার সেলিম চৌকিদার বাড়ির মো. সেলিমের ছেলে ও তার স্ত্রী লাকি আক্তার (১৯) ফটিকছড়ি থানাধীন নাজিরহাট পৌরসভার ছুরকারহাট এলাকার ফায়া তালুকদার বাড়ির মো. নাছির উদ্দিনের মেয়ে।
ইত্তেফাক/আরকেজি