ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুলরেজা রাহমানি ফাজিল বলেছেন, তেহরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর সাহস যুক্তরাষ্ট্রের নেই। কারণ যুক্তরাষ্ট্র জানে যুদ্ধ শুরু করতে পারলেও শেষ করতে পারবে না তারা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার কথা বললেও তা প্রত্যাখ্যান করে ইরান। দেশটির বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুলরেজা রাহমানি ফাজিল বৃহস্পতিবার অর্থনীতি সংক্রান্ত এক সম্মেলনে বলেন, মার্কিন রাষ্ট্রনেতা ইরানের সঙ্গে তিনভাবে মোকাবেলা করতে পারেন। প্রথমত, সামরিক, দ্বিতীয়ত সামাজিক এবং তৃতীয়ত অর্থনৈতিক। কিন্তু তিনি জানেন যে, সামরিক সংঘাতে তারা সফল হবেন না।
তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না। কারণ তারা ইতোমধ্যেই অবিশ্বাসের স্বাক্ষর রেখেছেন। তারা যদি আলোচনা করতে চায় তাহলে আগে আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে ফিরে আসতে হবে এবং ভুলের জন্য ক্ষমা চাইতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ইরানে সামাজিক সংঘাত তৈরি করতে চায় এবং তারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চেষ্টা করছে। তারা ইসলামি শাসনের বিকল্প খুঁজতে বিরোধীদের সঙ্গে যোগাযোগ করছে। তাদের এই প্রচেষ্টাও ব্যর্থ হবে।
ইত্তেফাক/মোস্তাফিজ