ফরিদপুরে শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু শিবির

জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। একটি বেসরকারি সংগঠনের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেয়া হয়েছে।
 
‘কাঞ্চন মুন্সি ফাউন্ডেশন’ শনিবার দিনব্যাপী বোয়ালমারী উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এই চিকিৎসা ক্যাম্প আয়োজনে সহায়তা করে বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতাল।
 
শনিবার বেলা ১১টায় এই চক্ষু শিবিরের উদ্ধোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন। তিনি জানান, চক্ষু রোগীদের এই ক্যাম্পে গুরুত্ব অনুযায়ী বিনামূল্যে লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের জন্য বাছাই করা হবে। পরে লেন্স সংযোজনসহ ছানি অপারেশন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এই সংগঠন। এর সব কিছুই করা হবে বিনামূল্যে।
 
তিনি বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এই চক্ষু শিবিরের আয়োজন করেছে কাঞ্চন মুন্সি ফাউন্ডেশন।
 
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শেখ শহীদুল ইসলাম শহীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার, সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, ইউপি চেয়ারম্যান আহাদুজ্জামান, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইস্রাফিল মোল্লা, বোয়ালমারী কৃষক লীগ নেতা মনিরুজ্জামান মৃধা লিটন প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি