বেইলি সেতু ভাঙ্গন, উপকূলীয় ১২ রুটে যান চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া-পাথরঘাটা-চরখালী সড়কের তুষখালী বন্দর সংলগ্ন খালের ওপর বেইলি সেতু ভেঙ্গে পড়েছে। শুক্রবার মধ্যরাতে একটি ট্রাক পাড় হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। ফলে পিরোজপুর-মঠবাড়িয়া-খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের অন্তত ১২টি রুটে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঠবাড়িয়া-চরখালী সড়কের মঠবাড়িয়া অংশে তুষখালী বন্দর সংলগ্ন খালের ওপর প্রয় ৬০ ফুট দীর্ঘ বেইলি সেতুটি গত কয়েকবছর ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। শুক্রবার মধ্যরাতে মঠবাড়িয়া থেকে চরখালীগামী মাটিকাটার মেশিন বহনকরে একটি ট্রাক (পিরোজপুর-শ-১১-০০৪৩) বেইলি সেতুটি পার হচ্ছিল। এসময় সেতুর উপর একটি যাত্রীবাহী মাহিন্দ্র সাইড দিতে গিয়ে হঠাৎ সেতুটির পশ্চিম অংশ ভেঙে খালে পড়ে যায়। এসময় যাত্রীবাহী মাহিন্দ্র চালক মোস্তফা (৩০) আহত হন। এতে উপকূলীয় এলাকার ১২টি রুটে সরাসরি বরগুনা, পাথরঘাটার, মঠবাড়িয়ার সঙ্গে পিরোজপুর, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ ১২টি রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
IMG0
স্থানীয় তুষখালী ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান জানান, ‘সেতুটি অনেক পুরানো। গত কয়েকবছর সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছিল। এক বছর আগে দায়সারাভাবে কিছু মেরামত করা হয়েছিল। কিন্তু সেতুটি ভারী যানবাহন চলাচলের উপযোগী ছিলনা।’
 
এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ফখরুল ইসলাম জানান, পিরোজপুর জেলায় ২০টি সেতু আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। তাই কয়েক টন ওজনের একটি ভেকো বহনকৃত ট্রাকের চাপে সেতুটি ভেঙে পড়েছে। সামনের ঈদে জনসাধারণের দুর্ভোগ এড়াতে সেতুটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। 
 
উল্লেখ্য, গেলো বছর ১১ আগস্ট রাতে পাথর বোঝাই ৬০টন ওজনের দুটি ট্রাক এক সঙ্গে পার হতে গিয়ে একইভাবে এই সড়কে আরেকটি ভাণ্ডারিয়া মাদারসি এলাকার সেতু ভেঙ্গে পরে।
 
ইত্তেফাক/বিএএফ