আটঘরিয়ায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর অনুষ্ঠানে আওয়ামী আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলা চত্বরের প্রধান ফটকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের কমপেক্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুইজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আবারও যেকোন সময় সংঘর্ষের আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
পুলিশ জানায়, উপজেলার বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। এই অনুষ্ঠানে ভূমিমন্ত্রী গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম রতন গ্রুপ মিছিল নিয়ে মুখোমুখি পৌঁছালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বেঁধে যায়।
এসময় উভয় পক্ষের ৬ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে পৌর ছাত্রলীগের সভাপতি বাধন, ছাত্রলীগ কর্মী পার্থ, রুমন এবং যুবলীগ কর্মী জাহিদ ও তরিকে পাবনা জেনারেল হাসপাতালে ও আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভূমিমন্ত্রী পক্ষের আওয়ামী লীগ নেতা ও চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বলেন, ভূমিমন্ত্রীর অনুষ্ঠানে মিছিল নিয়ে ঢুকতেই শহিদুল ইসলাম রতন পক্ষের লোকজন তাদের নেতাকর্মীদের উপর মারপিট শুরু করলে সংঘর্ষ বেঁধে যায়। এতে তার পক্ষের দুইজন আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন জানান, বৃক্ষ রোপন অনুষ্ঠানে ভূমিমন্ত্রীর পক্ষের সাইফুল ইসলাম কামাল একটি মিছিল নিয়ে এসে তার নেতাকর্মীদের উপর আক্রমণ করেন। এতে তার পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/আরকেজি