‘এই সময় ও আগামী দিন প্রযুক্তি-ইন্টারনেটের’

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম বলেছেন, এই সময় পরিবর্তনের সময়। এই সময় এবং আগামী দিন হচ্ছে প্রযুক্তি ও ইন্টারনেটের। যা কিছু করি না কেনো, তা প্যাশনের সঙ্গে করতে হবে। জ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে সামনে এগিয়ে যেতে হবে।
 
আজ শনিবার রাজধানীর বনানীর কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘ডিজিটাল কনটেন্টস এন্ড অনলাইন মিডিয়া/রেডিও এন্ড টেলিভিশন’ শীর্ষক এক মিডিয়া ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও রেডিও মেট্রোমেইল যৌথভাবে একদিনের মিডিয়া ওয়ার্কশপটির আয়োজন করে। রেডিও মেট্রোমেইলের নির্বাহী পরিচালক ইমামুল হক এবং কানাডিয়ান ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসাদুজ্জামান সুবহানি বিশেষ অতিথি ছিলেন। সঞ্চালক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. নুরুল ইসলাম বাবুল। 
 
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম বলেন, মেধা ও কায়িকশ্রম কাজে লাগাতে হবে। এটা তথ্যপ্রযুক্তির যুগ। আমরা এখন এর প্রাথমিক স্ট্যাজে পদার্পণ করেছি। এটা আইডিয়া নির্ভর যুগ। ইচ্ছা, আইডিয়া ও চেষ্টা থাকলে এগিয়ে যাওয়া সহজ হবে। তিনি বলেন, আগামীতে চিকিৎসা ক্ষেত্রেও মানুষের চেয়ে প্রযুক্তিই সবটা নিয়ন্ত্রণ করবে।
IMG0
রেডিও মেট্রোমেইলের নির্বাহী পরিচালক ইমামুল হক বলেন, আগামীর সময় হলো ইন্টারনেটের। অদূর ভবিষ্যতে দিনে দিনে এটা নিয়ন্ত্রণ করবে মানুষকে। মানুষের আগ্রহ চলে আসবে এ ক্ষেত্রে। গণমাধ্যম চলবে তথ্য-প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে। 
 
মিডিয়া ওয়ার্কশপটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমের কর্মী এতে অংশ নেন। কানাডিয়ান অভিনেতা, লেখক ও নির্মাতা মনিকা মেরিওন কানাডা থেকে ভিডিও লাইভ চ্যাটে অংশ নেন। তিনি ক্রিয়েটিং কনটেন্ট এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। ওয়ার্কশপটি বিভিন্ন সেশনে পরিচালনা করা হয়।
 
ইত্তেফাক/এমআই