রায়পুরায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

নিরাপদ সড়ক ব্যবস্থার দাবিতে সারাদেশে যখন চলছে ব্যাপক আন্দোলন, ঠিক এই মুহূর্তে নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় মো. আবদুল্লাহ নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। 
আহত হয়েছে আরো ৫জন। শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মাহমুদাবাদ ঝাঁড়তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আব্দুল্লাহ উপজেলার মাহমুদাবাদ গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে এবং ভৈরব হাজী আসমত আলী কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে পাশ করে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কলেজছাত্র আব্দুল্লাহ সড়কের পাশে তরকারি বিক্রি করছিল। এ সময় বারৈচা থেকে ভৈরব গামী একটি যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে আবদুল্লাহকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হয় আরো ৪/৫জন। 
 
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজিউদ্দিন রাজু উচ্চ বিদ্যালয়সহ আশপাশের অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এসময় শত শত যানবাহন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ।
 
খবর পেয়ে স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহম্মেদ রাজু এমপি ও প্রশাসনের হস্তক্ষেপে দুপুর ১২টায় যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ নিহতের পরিবারকে প্রাথমিকভাবে নগদ ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়।
 
রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
 
ইত্তেফাক/আরকেজি