রাস্তায় নিরাপত্তা না থাকার অজুহাতে যশোরের বেনাপোল থেকে রবিবার তৃতীয় দিনের মতো সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় ভারত থেকে ফিরে আসা শত শত বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট এলাকায় আটকা পড়েছে। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন পরিবহন কাউন্টারে অপেক্ষা করছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে রোগী ও ভারতীয় যাত্রীরা। ভারতীয় যাত্রীরা না যেতে পারছে ঢাকায়, না ফিরতে পারছে ভারতে।
ভারত থেকে ফিরে আসা যাত্রীরা জানান, অপরাধ করেছে ড্রাইভাররা আবার তারাই বাস চালানো বন্ধ রেখেছে। বাস চলাচল না করার কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন।
যশোর রেলগেট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী জানান, আমাদের গাড়ি চালাতে কোনো সমস্যা নেই, তবে রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত না থাকায় আমরা গাড়ি চালানো বন্ধ রেখেছি।
IMG0
মাদক ও চোরাচালান প্রতিরোধে বিনিময় : মাদক ও চোরাচালান প্রতিরোধে শনিবার দুপুরে বেনাপোলের পুটখালী সীমান্তের স্থানীয় বিজিবি ক্যাম্পে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ এসি। মত বিনিময় সভায় পুটখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নাগরিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণের করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান হাদিউজ্জামান, পুটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রউফ, দৈনিক ইত্তেফাক ও জিটিভির বেনাপোল প্রতিনিধি কাজী শাহ্জাহান সবুজ, পুটখালী ইউনিয়নের সাবেক ইউপি মেম্বর আব্দুর রব, লিয়াকত হোসেন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি